‘শেখ হাসিনা আছেন বলেই এলাকার উন্নয়নে ভরসা পাচ্ছি’

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই এলাকার উন্নয়নে ভরসা পাচ্ছি। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় জনগণের পাশে থাকবো।

তিনি আরো বলেন, করোনা সমস্যা কেটে গেলে পরবর্তীতে আগামী সাড়ে তিন বছরে ফরিদগঞ্জ উপজেলায় উন্নয়নের কোন কাজ অবশিষ্ট থাকবে না।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় ফরিদগঞ্জে নিজ বাড়িতে বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে মুহম্মদ সফিকুর রহমান এসব কথা বলেন। এক সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন তিনি।

ফরিদগঞ্জে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলার সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

উন্নয়ন প্রকল্পগুলো হলো: দুই কোটি ৬৩ লক্ষ ৭৭ হাজার ৩৯৭ টাকা ব্যয়ে রূপসা ডিসি-পালিসারা জিসি সড়কের উপর কামতা ব্রিজ, চার কোটি ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে ফরিদগঞ্জ-পাটওয়ারী বাজার সড়ক, উটতলী নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে গল্লাক বাজার ব্রিজ নির্মাণ।

এর আগে আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান। এছাড়া উপজেলা বালিথুবা বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন তিনি।