শেষ বেলায়ও ফুটপাতে বেচাকেনা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও শেষ মুহূর্তে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড় নেই। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ফুটপাতের ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ক্রেতা পাচ্ছেন না বলে জানিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা।

রোববার (২৪ মে) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১, শেওড়াপাড়া ও কাওরান বাজার এলাকা ঘুরে এবং ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে এমন তথ্য।

ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বেচাকেনা একেবারেই নেই। গত দু-চার দিন যা বিক্রি করেছি তার অর্ধেকও আজ বিক্রি করতে পারিনি। আর এক ঘন্টায় কি-ইবা বেচাবিক্রি হবে। আজ বেচাকেনায় দোকান খরচও উঠবে না বলেও জানান তারা।

এ ব্যাপারে মিরপুর ১০ নং সেক্টরের গোল চত্বরের ফুটপাত ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ‘বেচাকেনা আগের চেয়ে অনেক কম। গত বছরের ২০ শতাংশও এবছর বেচতে পারিনি। নিম্ন আয়ের মানুষেরা আমাদের এখান থেকে কেনাকাটা করেন। করোনার কারণে তাদের দূর্দিন চলছে। আর এর প্রভাব আমাদের ব্যবসায় পড়েছে।’

মিরপুর ৬ নং সেকশনের ফুটপাত ব্যবসায়ী লোকমান মিয়া বলেন, ‘নিম্নআয়ের মানুষ ঈদের প্রয়োজনীয় কাপড়-চোপড় আমাদের কাছ থেকেই কেনে। লকডাউনের কারণে তাদের আয় বন্ধ রয়েছে। যার নেতিবাচক প্রভাব আমাদের ব্যবসায় পড়েছে।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এই অবস্থা চলতে থাকলে ফুটপাত থেকে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’

এদিকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিসরে ১০ মে থেকে বিপণিবিতানগুলো খুললেও বেচাকেনা তেমন নেই। মার্কেটে দর্শনার্থী আসলেও ক্রেতা অনেক কম। দিন শেষে বেচাকেনা হতাশ করছে ব্যবসায়ীদের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্রেতারা মার্কেটমুখী হচ্ছে না বলেও মনে করছেন তারা।