নিউজ ডেস্ক : কাজান এরিনার সবুজ ঘাসে একাকি দাঁড়িয়ে তিনি। চোখ দুটি ছলছল করছিল। কাঁদতে চেয়েও পারছিলেন না। সতীর্থরা একে একে এগিয়ে সান্তনা দিয়ে যাচ্ছিলেন। এগিয়ে এসেছিলেন বিপক্ষ দলের খেলোয়াড়রাও। এতটাই মহামূল্যবান তিনি। কিন্তু কোনো কিছুই মন গলাতে পারছিল না তার। ওই নরম ঘাসে স্থবির হয়ে ছিল তার চারপাশ। হাজারো ক্যামেরার লেন্স তার দিকে মুখ করা। না আজ আর কাঁদবেন না তিনি। এর আগে বহুবার কেঁদেছেন।
এমবাপে নামের এক ঝড় এসে সব ওলট-পালট করে দিয়ে গেল। তাতেই লন্ডভন্ড সব স্বপ্ন। বিশ্বকাপের শিরোপা কি আজীবন অধরাই থাকবে তার? বিশ্বকাপের ওই সোনালী ট্রফিটারও কি মায়া হয়না তার প্রতি?

লিওনেল মেসি, বর্তমান ফুটবল জগতের সবথেকে আশ্চর্যতম ধ্রুবতারা। সেই ধ্রুবতারাটি হারিয়ে গেল বিশ্বকাপ থেকে। বিশ্ব মঞ্চে তাকে আবার দেখা যাবে কিনা তা সময়ই বলে দিবে। তবে এতটুকু নিশ্চিত রাশিয়া বিশ্বকাপ হারালো তার সবথেকে মূল্যবান ঝলমলে নক্ষত্রকে। বিদায় লিওনেল মেসি। লো সিয়ান্তো মেসি!
ইরানের রেফারির আলিরেজা ফাগানের ওপর কোনো রাগ থাকার কথা না লিওনেল মেসির। প্রথম পর্বে প্রযুক্তির সহায়তা ছাড়াই দারুণ সব সিদ্ধান্ত দিয়েছিলেন ইরানি রেফারি। তাই তার কাঁধেই আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচের দায়িত্বভার দেওয়া হয়। তুখোড় রেফারি শুরুতেই ফ্রান্সকে উপহার দেন স্পটকিক। আঁতোয়ান গ্রিজম্যানের নেওয়া শট খুঁজে পায় আর্জেন্টিনার জাল।

ডি মারিয়ার দৃষ্টিনন্দন কিকে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা লিড নেয় মের্কাদোর গোলে। সেই গোল ফ্রান্স শোধ দেয় বেঞ্চামিন পাভার্ডের দূরপাল্লার শটে। পরের গল্পটা শুধুই কালিয়ান এমবাপের। কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আর্জেন্টিনাকে রাশিয়ার ছাড়ার টিকিট বুঝিয়ে দেন ১৯ বছর বয়সি এমবাপে। তাতেই যেন স্বপ্ন ভেঙে চুরমার মেসির। শেষ দিকে অ্যাগুয়েরোর গোলে পরাজয়ের ব্যবধান কমায় আর্জেন্টিনা। কিন্তু বাঁচা-মরার লড়াইয়ে ৪-৩ গোলে হেরে ৩২ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল আলবিসেলেস্তের। নতুন করে স্বপ্ন দেখতে হবে কাতার বিশ্বকাপ জয়ের।

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশের পালা এখনও শেষ হয়নি। চার-চারটি বিশ্বকাপ খেলা মেসি শূন্য হাতে এবারও বিদায় নিলেন। চারটি বিশ্বকাপ খেললেও নক আউট পর্বে নেই কোনো গোল। এমন তিক্ত অভিজ্ঞতা কোনো মহাতারকার নেই বললেই চলে। সেখানে ১৯ বছর বয়সি এমবাপে নিজের শক্তি, সামর্থ্য দিয়ে সব হিসেব বুঝিয়ে দিয়েছেন। ২০০৬ সালে কুড়ি বছর বয়সে মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়। আজ সেই মেসি ৩১ বছরের। ৩৫ বয়সে খেলবেন কিনা জানা নেই। তবে মহাতারকাদের মঞ্চে মেসি জায়গা করে নিতে পারেননি! কারণ ক্লাব ফুটবল আর বিশ্বকাপ যে পুরোই আলাদা। ম্যারাডোনা, পেলে, গারিঞ্চা, পাউলো রসি, জিনেদিন জিদান, রোনালদোরা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের অতিমানবীয় পারফরম্যান্সের কারণে। সেখানে মেসি আড়ালে থেকে যাবেন।

ম্যাচের পর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চোখ ধাঁধানো ফুটবল খেলেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। মুগ্ধতা ছড়ানো তার ফুটবল জ্ঞান, অসাধারণ তার ক্ষীপ্রতা, ড্রিবলিংয়ে তার ঐশ্বরিক প্রতিভা। তবুও তার চিরকালীন শ্রেষ্ঠত্ব নিয়ে রয়েছে প্রশ্ন, রয়েছে কিন্তু। এবারও সেই প্রশ্নেবোধক চিহ্নটা মুছতে পারলেন না মেসি। হয়তো বা সেই ট্রফিরই অপূর্ণতা থাকবে, সেটি মেসির হাতে উঠতে পারেনি বলে!


