শয়তানখালীতে ট্রলার ডুবি, বাবা-মেয়ে নিখোঁজ

নিখোঁজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরে শয়তানখালী নামক স্থানে ঝড়ো বাতাসের কবলে ট্রলার ডুবির ঘটনায় বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই জন হলেন ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামান মিয়া ও তার মেয়ে তানজিনা।

স্থানীয়রা জানান, সামান মিয়া পরিবারের সকলকে নিয়ে শনিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। এসময় চন্দ্রসোনারথাল হাওরের শয়তানখালী নামক স্থানে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সামান মিয়া ও তানজিনা তীরে উঠতে পারেননি।

পরে স্থানীয়রা হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি। তবে, তাদের সন্ধানে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, এখনও তাদের পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।