সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সিঃ বাংলাদেশের বিভিন্ন উপজেলার ওপর পরিচালিত অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। কাগজে-কলমে দায়িত্ব বিস্তর থাকলেও মাঠপর্যায়ে অনেক ক্ষেত্রেই তার বাস্তব প্রয়োগ দেখা যায় না।
উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের প্রধান দায়িত্ব হলো ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় তদারকি, ভূমির রেকর্ড হালনাগাদ, নামজারি (মিউটেশন), জমি কেনাবেচা বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের পর খতিয়ান সংশোধন করা। এছাড়া খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি বিরোধ নিষ্পত্তি, সার্টিফিকেট কার্যক্রম, ভূমি হুকুম দখল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমি অফিস পরিদর্শন এবং সার্ভেয়ার ও কানুনগোর কাজ তদারকি করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। তবে প্রশ্ন উঠেছে—এসব দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করা হচ্ছে?
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দায়িত্ব কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পরামর্শ প্রদান, সরকারি সেবা পৌঁছে দেওয়া, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পরিকল্পনা বাস্তবায়ন, কৃষক প্রশিক্ষণ, সার ও বীজ মনিটরিং, মাঠ পরিদর্শন, কৃষি তথ্যসেবা এবং কৃষি মেলা ও প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা। এসব কার্যক্রমের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষকের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবতায় তার প্রতিফলন কতটা—তা নিয়েও প্রশ্ন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এর মধ্যে বহিঃবিভাগীয় চিকিৎসা (OPD), জরুরি সেবা, আন্তঃবিভাগীয় চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান (EPI), রোগ নির্ণয়, বিশেষায়িত সেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি, যক্ষা নিয়ন্ত্রণ, রেফারেল সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ অন্তর্ভুক্ত। কিন্তু এসব সেবা কতটা মানসম্মতভাবে দেওয়া হচ্ছে—তা নিয়েও রয়েছে অসন্তোষ।
উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয় ব্যবস্থাপনা তদারকি করা হলেও উপজেলা পর্যায়ে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। একইভাবে উপজেলা প্রকৌশলীর দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হলেও বাস্তবে অনেক জনপথই অবহেলিত অবস্থায় পড়ে আছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব খাদ্য নিরাপত্তা, মজুদ ও সরবরাহ নিশ্চিত করা। কিন্তু এখানেও অনিয়ম ও ভেজালের অভিযোগ রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, স্বেচ্ছাসেবী সংস্থা তদারকি, প্রতিবন্ধী উন্নয়ন, শিশু-কিশোর উন্নয়ন, দুর্যোগ সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হলেও বাস্তবে উদাসীনতা পরিলক্ষিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্ব মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ, মাছ চাষে প্রযুক্তিগত সহায়তা, জেলেদের নিবন্ধন, আইন প্রয়োগ, জলমহল ব্যবস্থাপনা ও জরিপ পরিচালনা করা। কিন্তু এখানেও ব্যবস্থাপনার ঘাটতি স্পষ্ট। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব পশুপাখির চিকিৎসা, উৎপাদন বৃদ্ধি, প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের দায়িত্ব যুবসমাজকে দক্ষ করে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা, প্রশিক্ষণ দেওয়া, ঋণ সহায়তা, সংগঠন নিবন্ধন ও প্রকল্প তদারকি করা। কিন্তু বাস্তবে যুব উন্নয়ন কার্যক্রম অনেকাংশেই অবহেলিত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব নারীর ক্ষমতায়ন, VWB (সাবেক VGD), মাতৃত্বকালীন ভাতা, দরিদ্র নারীদের সহায়তা, আয়বর্ধক প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাব, জয়িতা কার্যক্রম এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা। কিন্তু মাঠপর্যায়ে এসব কার্যক্রমে শূন্যতা দেখা যায়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দায়িত্ব নলকূপ স্থাপন ও মেরামত, পানি পরীক্ষা, পায়খানা নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, সেপটিক ট্যাংক তদারকি, স্বাস্থ্য সচেতনতা ও দুর্যোগকালীন সেবা প্রদান করা। কিন্তু এসব সেবা বাস্তবে খুব একটা কার্যকরভাবে দেখা যায় না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, প্রকল্প তদারকি, প্রতিবেদন প্রস্তুত ও আগাম সতর্কতা প্রচার করা। কিন্তু সফল বাস্তবায়নের নজির খুবই সীমিত। একইভাবে উপজেলা বন বিভাগের দায়িত্ব বনজ সম্পদ সংরক্ষণ, বনায়ন, বন্যপ্রাণী সুরক্ষা, সামাজিক বনায়ন ও বনভূমি উদ্ধার করা হলেও তাদের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে আরও জানা যায়, অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পের চাল নির্ধারিত ৩০ কেজি ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। মাস্টার রোলে জালিয়াতির মাধ্যমে এসব চাল গোপনে দোকানে বিক্রির অভিযোগও রয়েছে। এছাড়া সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির পক্ষ থেকে ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে ধামরাই ও সাভার উপজেলার ইটভাটা সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া জানান। সচেতন মহলের মতে, সরকারি দপ্তরগুলোর ওপর কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ মনিটরিং সেল গঠন করা হলে অপরাধ, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এতে রাষ্ট্রযন্ত্র আরও কার্যকর হবে এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে। সাধারণ জনগণের দাবি, অতীতে একাধিকবার এসব অনিয়ম ও দুর্নীতির বিষয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব লক্ষ্য করা গেছে।
অনুসন্ধান চলমান…


