‘সরকারি সব দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে’

সরকারি সব দফতরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।

বুধবার (২০ জুলাই) সরকারের ব্যয় সাশ্রয় নীতির বিষয়ে কার্যকর কর্মপন্থা নিরূপনে সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস বলেন, ‘অফিস-আদালতে যদি আমরা বিদ্যুৎ এবং জ্বালানি কমাতে পারি তাহলে আমাদের উৎপাদন খুব বেশি ব্যাহত হবে না। আমাদের মূল লক্ষ্য হলো জাতীয় যে উৎপাদনটা আছে সেটা যেন ব্যাহত না হয়। তো অফিস আদালতে আমরা যখন কাজ করি তখন যদি আমি দুইটা ফ্যানের জায়গায় একটা ফ্যান চালাই তাতেও কিন্তু আমি আমার কাজটা করতে পারব, অসহনীয় পরিবেশ হবে না। সেজন্য আমরা একটা সহনীয় মাত্রা ঠিক করেছি সেটা হলো ২৫ শতাংশ।’

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আরও বলেন, জ্বালানি খাতে যে বাজেট বরাদ্দ আছে সেটা ২০ শতাংশ কম ব্যবহার করার জন্য অর্থ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হবে। এর আগে একবার ১০ শতাংশ করা হয়েছিল। সেটাকে আমরা এখন বৃদ্ধি করে ২০ শতাংশ করার কথা বলছি। অর্থাৎ যারা যারা জ্বালানি তেল ব্যবহার করবে তাদের বরাদ্দ হবে এখন ২০ শতাংশ কম।

আহমেদ কায়কাউস বলেন, ২০১৩ সালের ১৩ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছিল; সেখানে বলা হয়েছিল এসির তাপমাত্রা ২৪ এ রাখার জন্য। এবারও আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে তাপমাত্রা যেটি আছে সেটি যেন ২৪-২৫ এর নিচে না হয়।

মুখ্যসচিব বলেন, আরও দু-একটি নীতিমালা আমরা করেছি সেটা হলো অনিবার্য যদি না হয় তাহলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করে আমরা যেন এটা অনলাইনে করতে পারি সেটার ব্যবস্থা করা। আর অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা।

‘অন্য আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার জন্য বাজার মনিটরিং করা, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করা। যেটা সচিবদেরকে আমরা বলেছি যেন তারা ব্যক্তিগতভাবে এবং তাদের দাফতরিক যেসব কার্যাবলি আছে সেগুলো যেন প্রয়োগ করে এ জায়গায়।’