সরকার পরিচালনায় দ্বান্দ্বিকতার কোন সুযোগ নাই: নানক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের সকল স্তর, সকল অঙ্গ প্রতিষ্ঠানসহ একযোগে-একসাথে কাজ করে যাচ্ছে। এখানে দ্বান্দ্বিকতার কোন সুযোগ নাই। এখানে সাংঘর্ষিক কোন বিষয় নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলা-উপজেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পরে প্রায় ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল তাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, গত বছরের মার্চ থেকে সারাবিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশও এই মরণব্যাধি করোনায় আক্রান্ত হয়। কিন্তু মাননীয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে জীবন এবং জীবিকা উভয়কে একইসাথে পরিচালনা করে, সঠিক ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে আগামীকাল থেকে দেশে আবার একটি কঠিন লকডাইন শুরু হচ্ছে। গত বছরের মধ্য মার্চ থেকে আওয়ামী লীগ দলগতভাবে এবং দলের সংসদ সদস্যরা করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন। ঝাঁপিয়ে পড়ার কারণে এই একমাত্র দল যার জাতীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমাদের হারাতে হয়েছে।

এসময় জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়ে দলের জাতীয় নেতা, সংসদ সদস্যসহ অনেকের কথা স্মরণ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ অন্যান্য দলের মতো ঘরে বসে থাকেনি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দসহ সবাই ঝাঁপিয়ে পড়েছিল করোনা মোকাবিলায়। বিশেষ করে লকডাউনের সময় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। যারা নিম্ন মধ্যবিত্ত, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, রাতের অন্ধকারে গিয়ে তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছে এই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকলে। এই পার্টি, এই দল একমাত্র জাতির যেকোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার সময় একমাত্র রাষ্ট্র, রাষ্ট্রযন্ত্রের সকল স্তর, সকল অঙ্গ প্রতিষ্ঠানসহ একযোগে দল এবং সেই প্রতিষ্ঠানগুলি একসাথে কাজ করে যাচ্ছে। এখানে দ্বান্দ্বিকতার কোন সুযোগ নাই। এখানে সাংঘর্ষিক কোনো বিষয় নেই।

তিনি একটি উদাহরণ উল্লেখ করে আরও বলেন, একটি গাড়ি যেমনিভাবে শুধু একটি ইঞ্জিনে চলে না, গাড়িটির টায়ার-টিউব ছাড়া যেমন গাড়ি সম্ভব নয়, ঠিক তেমনিভাবে গাড়ির আরও বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ রয়েছে; যেগুলি ছাড়া একটি পূর্ণাঙ্গ গাড়ি চলতে পারে না। ঠিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে সকলকেই প্রয়োজন।