জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার রোহিঙ্গা সংকট নিয়ে ‘কূটকৌশলের আশ্রয়’ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যান।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘রোহিঙ্গারা হত্যাযজ্ঞের শিকার। দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের সরকার জনগণের মনের কথা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।’
রোহিঙ্গা সংকটে বিএনপির কর্মসূচি নিয়ে ক্ষমতাসীনদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘সমগ্র বিশ্ব দেখছে কীভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে। আমরা (বিএনপি) শুধু জনগণের মনের কথার প্রতিফলন ঘটিয়ে গতকাল (শুক্রবার) মানববন্ধন করেছি, এখানে রাজনীতির কী আছে?’
তিনি বলেন, ‘আমরাই সঠিক কথা বলছি, বরং সরকার আজকে মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। যা এদেশের জনগণ গ্রহণ করছে না। তাই আমরা মনে করি, সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য। আর মিয়ানমার সরকার যা বলছে এবং বাংলাদেশ সরকার যে সাফাই গাইছে তা সঠিক নয়।’
প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরবর্তীতে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়া কখনও সমর্থন করি না। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদেরও ভারতে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। তখনও কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে তারা বলেছিল- কোনো কিছুই না, এরা শুধু শুধু বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রায় অর্ধেক নারী তাই তাদের সংঘঠিত করার জন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আর আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’
এ সময় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সভপাতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরীন খানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।


