সাংবাদিক খোকনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদকঃ বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক খোকন হাজারো সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো।

ড. হাছান মাহমুদ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রয়াত সাংবাদিক খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সভাপতি তপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ নেতৃবৃন্দ।