সাকিল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাকিল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা, মিছিলটি হলদিবাড়ি হাট হতে কাঁচাকালী চৌড়াস্তা হয়ে পুনরায় হলদিবাড়ি হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দু’পক্ষের সংঘর্ষে মৎস্যজীবী লীগ নেতা সাকিল আহম্মেদ (২৫)’এর মৃত্যু। আজ রোববার ভোররাত ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিল আহম্মেদের বড় ভাই যুবলীগ নেতা সাঈদ মাহবুব। সাকিল আহম্মেদ ভানোর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মৃত সামশুল আলম (কসিরোত)এর ছেলে।
এ ঘটনায় শনিবার রাতেই ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহবুব। মামলার পর থেকেই ইউপি চেয়ারম্যানসহ সকল আসামিরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। মামলার এজাহার ও বাদী সাঈদ মাহবুবের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) হলদিবাড়ী জামে মসিজের ইমাম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে মুচি বলেন এবং অসম্মান করে কথা বললে প্রতিবাদ জানায় সাঈদ মাহবুব সহ অন্যান্য মুসল্লিরা। এ সময় মসজিদের ইমামের লোকজন ও যুবলীগ নেতা সাঈদ আলমের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে ওই দিন রাতেই ৪ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন তিনি।
মামলার খবর জানতে পারলে ইউপি চেয়ারম্যানসহ তাঁর লোকজন ও মামলার অন্যান্য আসামিরা গতকাল শনিবার সকালে সাঈদ মাহবুবের পথরোধ করে তাকে মারপিট শুরু করে। এরপরে তাকে বাঁচাতে তাঁর ছোট ভাই সাকিল আহম্মেদসহ পরিবারের লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে যুবলীগ নেতা সাঈদ আলম ও মৎস্যজীবী লীগ নেতা সাকিল আহম্মেদ গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাঈদ আলম জানান, সাকিল আহম্মেদের মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে চিকিৎসক তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তাঁর মৃত্যু হয়।আমি গুরুতর আহত, মাথায় ৯টি সেলাই নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে আমাদের দুই ভাইকে হত্যা করতে চেয়েছিল। একজনকে হত্যা করতে  সফল হয়েছে সে। জনপ্রতিনিধির আড়ালে একজন খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এদিকে রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে ভানোর ইউনিয়ন যুবলীগ ও স্থানীয়রা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ইউপি চেয়ারম্যানসহ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। যার মামলা নং ৪। পুলিশ সকল আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।