সাগরে হারানো ১৯ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে আনল বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফভি রানা নামে একটি ফিশিং ট্রলার ১৯ জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা দেন। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্টগার্ড জাহাজ ভরদ ট্রলারটিকে দেখতে পায়।

গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে। এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলার কাছে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করা ট্রলারসহ ১৯ জেলেকে হস্তান্তর করে। কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের, ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করে।

গভীর সমুদ্রে ভারতীয় কোস্টগার্ডের মাধ্যমে বাংলাদেশি ট্রলার উদ্ধার ও তা বাংলাদেশের কাছে হস্তান্তরের ঘটনা দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

লে. কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, বাংলাদেশ কোস্টগার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুস্থ জেলেসহ সকলের সাহায্য সহযোগিতা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা সহ সার্বিক নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।