সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১০ শিশু, পাঁচ নারী ও তিন জন পুরুষ রয়েছে।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন-রুপিয়া খাতুন, রোকেয়া, আবু তাহের, আব্দুর রহিম, রেহেনা বেগম, আলিমুদ্দীন, শাহরুখ খান, আজিজুর রহমান, জিয়ারুল ইসলাম, জুনাইদ, এনায়েতুর রহমান, মাহবুবুর রহমান, জুবায়ের, সুফিয়া খাতুন, রাশিদা বেগম, গুলশান আরা, সুমাইয়া বিবি ও সালমা খাতুন।
বিজিবির হিজলদী বিওপির কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, ভোরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদেরকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ৩৮ বিজিবি হেডকোয়ার্টের পাঠানো হয়েছে।


