সাভারকরকে ‘মুসলিমবিদ্বেষী’ বলায় রাহুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ

বিনায়ক দামোদর সাভারকর কখনো মুসলিমবিদ্বেষী ছিলেন না। বরং মুসলিমদের অগ্রগতির পথ দেখিয়ে তিনি একাধিক লেখা লিখেছিলেন। অথচ কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাকে ‘মুসলিমদের চরম বিদ্বেষী’ হিসেবে তুলে ধরেছেন। পুনের একটি বিশেষ আদালতে এমনই দাবি করেছেন সাভারকরের নাতির ছেলে সত্যকি সাভারকর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতে রাহুল গান্ধীর আইনজীবীর জেরার সময় এ দাবি করেন সত্যকি। সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধেই আদালতে অভিযোগ করেছেন তিনি।

সত্যকি বলেন, সাভারকরের বিভিন্ন লেখা ও বক্তব্য পর্যালোচনা করলে মুসলিমদের প্রতি তার বিদ্বেষের প্রমাণ পাওয়া যায় না। বরং মুসলিমদের উন্নতি ও অগ্রগতির বিষয়ে তিনি নিজের মতামত প্রকাশ করেছিলেন। কিন্তু রাহুল গান্ধী রাজনৈতিক বক্তব্যে সাভারকরকে মুসলিমবিদ্বেষী হিসেবে উপস্থাপন করেছেন।

এদিকে মামলার শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ নথি আদালতে উপস্থাপন করেন। সেটি হলো সত্যকির দাদা গোপাল গডসের ২০০৪ সালের একটি ভিডিও সাক্ষাৎকার এবং তার লিখিত প্রতিলিপি।

গোপাল গডসে ছিলেন মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী। তিনি ছিলেন নাথুরাম গডসের ছোট ভাই। নাথুরাম গডসেই ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন।

রাহুল গান্ধীর আইনজীবীর উপস্থাপিত ওই সাক্ষাৎকারে গোপাল গডসে নাথুরাম গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ছিলেন বলে স্বীকার করেছিলেন বলে দাবি করা হয়েছে। ফলে আদালতের এই শুনানিতে সাভারকরকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি নাথুরাম গডসে ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কের প্রসঙ্গও সামনে এসেছে।

মামলার পরবর্তী শুনানিতে এই বিতর্ক আরও কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।