জেলা প্রতিবেদকঃ সাভারের সিঅ্যান্ডবি এলাকায় একটি শাখা সড়কের পাশ থেকে জয়নাল আবেদিন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের অরুণাপল্লী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি সাভারের চাপাইন এলাকার মৃত লাল মিয়ার ছেলে এবং রং মিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির। পরে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথেই তার মৃত্যু হয়। এরপর ওই অটোরিকশাচালক মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।


