সাভারে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিবেদকঃ সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়কে ও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ১১টি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১২ এপ্রিল) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, ওলাইল, ফুলবাড়িয়া, রাজাসন ও আশুলিয়ার কাঠগড়ায়, জামগড়া, কবিরপুর, জিরাবো, নরসিংহপুর এলাকায় অবস্থিত কারখানাগুলোতে এ আন্দোলন শুরু হয়।
পরে কিছু কারখানায় কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করলেও কিছু কারখানায় বিক্ষোভ অব্যাহত রয়েছে এখনো।
সাভারের কারখানাগুলোর মধ্যে হেমায়েতপুরের ‘রাকিব এ্যাপারেলস লিমিটেডে’ আজ বেতন দেওয়ার কথা থাকলেও বেতন না দেওয়ায় কারখানার প্রায় ২০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান করেন। পরে ২৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাসে তারা চলে যান।
অন্যদিকে উলাইলের ‘জয়েন্ট টেক্স’ ও ফুল বাড়িয়ার ‘আরএমজি সোয়েটারে’ গত মাসের বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবং রাজাসনের ‘এপি ফ্যাশন লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক বেতনের দাবিতে আন্দোলন করলে মালিক কারখানার মেশিনারিজ বিক্রি করে আগামী ২০ এপ্রিল বেতন পরিশোধ করবে, এমন আশ্বাসে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যান৷
এদিকে আশুলিয়ার কারখানাগুলোর মধ্যে বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুরে ‘ইথিক্যাল গার্মেন্টসে’ হাজার শ্রমিক কারখানার সামনে অবস্থান নিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দেয়। ও কবিরপুরে ‘তোয়া-হা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা একই দাবিতে আন্দোলন করছেন। কাঠগড়ার ‘সুরাইয়া ফ্যাশন লিমিটেড’ কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং মার্চের পুরো বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এছাড়া জিরাবোর ‘ফাইভ এফ এপ্যারেলস লিমিটেডের ১৮০০ শ্রমিক বেতনের দাবিতে টঙ্গি-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান করছেন। ও একই এলাকায় ‘গ্লোরিয়া সান ফ্যাশন লিমিটেডের ২৫০ শ্রমিক বেতনের দাবিতে আন্দোলন করছে।
এছাড়াও খেজুরবাগান এলাকার ‘ক্রিস্টাল কম্পোজিট লিমিটেডের ৭০০ শ্রমিক ও জামগড়া ‘পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেডের ৮০০ শ্রমিক বেতনের দাবিতে আন্দোলন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, সরকার শ্রমিকদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছে সে প্রণোদনা শ্রমিকদের দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। শ্রমিকদের খাবার সংকট ঘড় ভাড়া দিতে হবে। এ মুহূর্তে শ্রমিকদের বেতন খুব প্রয়োজন। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে শ্রমিকরা বেতন পাবে বেতন পাবে। বেতন কখন পাবে সেটা বলা হচ্ছে না। যেহেতু সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে আগামী ১৬ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করা হবে। কিন্তু এখন কিছু কিছু কারখানা করোনার সুযোগ নিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছে। সরকারের কাছে অনুরোধ করছি শ্রমিকদের যেন বেকয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করা হয়৷
শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চেয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।