ইন্তেকাল করেছেন ইসলামিক ফাউন্ডেশন এর এর সাবেক মহাপরিচালক সামীম আফজাল (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে সামীম আফজাল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন এ তথ্য জানিয়েছেন।
সামীম আফজাল দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রাতে মারা যান। শুক্রবার (জুন ২৬) বাদ ফজর জহুরী মহল্লা মসজিদে, সকাল ৯টায় নারিন্দা শাহসাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গণে এবং বাদ জুমা গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
তিনি জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।
সঙ্গত, নানা নাটকীয়তা ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদ থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ বাদ পড়েন সামীম মোহাম্মদ আফজাল।
সামীম মোহাম্মদ আফজাল ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির বয়স শেষে ২ দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।
তার বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগের দুদকের মামলা চলছিল। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।


