জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামায়াতের মুসল্লি আব্দুল বাকির পর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লা বিষয়টি জানান।
আক্রান্ত ওই নারী ঢাকার মিরপুরের টোলারবাগে থাকেন। বর্তমানে তাকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লা বলেন, উম্মে কুলসুম সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত। ২৬ মার্চ তিনি সর্বশেষ অফিস করেন। অসুস্থতাজনিত কারণে এরপর আর তিনি অফিসে আসেননি। জ্বর-সর্দি কাশির মতো উপসর্গ দেখা দিলে উম্মে কুলসুম শনিবার (৪ এপ্রিল) ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালের আইসোলোশনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


