রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে পানির দাবিতে বালতি ও ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ অক্টোবর) সকালে ওয়াসার পানির গাড়ি এলে বিক্ষোভ করেন তারা।
এদিকে পানির সংকট সমাধান না হলে ঢাকা ওয়াসা অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।
এলাকাবাসী জানায়, বাড়তি টাকা দিয়ে পানির গাড়ি থেকে কিনে আপাতত প্রয়োজন মেটাতে বলছে ওয়াসা। কিন্তু এ সুযোগে এলাকাটিতে শুরু হয়েছে পানির গাড়ি নিয়ে বাণিজ্য। গাড়িতে করে পানি বাসাবাড়ির ট্যাংকিতে দিতে গিয়েও ৪০০ টাকার পানির জন্য ওয়াসার ড্রাইভাররা দাম হাঁকছেন ৭০০ টাকা।
কয়েকদিন ধরেই চলছিল পানির অভাব। কিন্তু বুধবার (১৯ অক্টোবর) মালিবাগ মোড়ে ওয়াসার কর্মীরা পানির লাইনে কাজ করার পর থেকে একেবারেই পানি আসা বন্ধ হয়। এ ক্ষেত্রে কারসাজি হতে পারে বলেও অভিযোগ অনেকের। ওয়াসা প্রতিদিনই বলছে, ২৪ ঘণ্টার মধ্যে পানির সংকট কেটে যাবে। সেই ২৪ ঘণ্টা গত চার দিনেও শেষ হয়নি। বরং সংকট আরও বেড়েছে।
আজ বিক্ষোভের পর বিভিন্ন পাম্পে ওয়াসার কর্মচারীরা পর্যবেক্ষণে করে গেলেও সমাধানের কোনো নির্দিষ্ট সময় বলছেন না তারা।
স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত এ এলাকায় কোনোদিন এমন পানিশূন্য পরিস্থিতি তৈরি হয়নি। হাজার দু-একের বেশি বাসিন্দা থাকেন এ এলাকায়। তাদের অনেকেই পানির অভাবে রান্না করতে না পেরে দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন। পানির অভাবে শিশু ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে থাকছেন।


