জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় ঢাকা-নারায়গঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে সিরাজগঞ্জে ফেরা আরও ৯২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায়ি দু’জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি জানান, সোমবার নতুন ৯২ জনসহ জেলাটিতে এ পর্যন্ত মোট ৯৮১ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদের শেষে করোনা প্রাথমিক কোনো উপসর্গ না থাকায় নতুন দু’জনসহ এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৫৯৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৮৪ জন।
এছাড়া করোনার প্রাথমিক উপসর্গ থাকায় মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩টির প্রতিবেদন পাওয়া গেছে, যার সবগুলোই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য ৪৭ জনের প্রতিবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।


