সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। আহত সদর থানার উপপরিদর্শক জয়দেব কুমারসহ দুই কনস্টেবলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মাদকের লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাহমুপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৭ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত জাহাঙ্গীর হোসেনের নামে সদর থানায় ৭টি মাদক মামলা রয়েছে।