সিরাজগঞ্জে বাস শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিবেদকঃ খাদ্য সহায়তা অথবা গণপরিবহণ চলাচল চালুর দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা।

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। পরে মটর শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে তারা এ অবরোধ তুলে নেয়।

এদিকে, অবরোধ চলাকালে সড়কের দু’পাশে শত শত ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিক্ষোভকারী বাস শ্রমিক মোক্তার হোসেন, রাজিব হোসেন, খোকন মিয়া, রায়হান আলী, আরিফ হোসেনসহ অনেকেই বলেন, করোনার কারণে প্রায় দেড় মাস ধরে বাস-কোচ চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার নাই। মালিক ও শ্রমিক নেতারা খোঁজ নেয় না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। নেতারা সারা বছর শ্রমিক কল্যাণ ফান্ডের নামে চাঁদা উত্তোলন করেন। অথচ এই মহামারির সময় ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয়নি। তাই বাধ্য হয়ে হয় খাদ্য সহায়তা, নয়তো বাস চালুর দাবি জানিয়ে সড়কে অবস্থান নিয়েছি।

শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বেকার হয়ে পড়া শ্রমিকরা পেটের দায়ে রাস্তায় নেমেছেন। প্রায় চারহাজার শ্রমিকের জন্য শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৫০০ ব্যাগ খাদ্য সামগ্রী দিয়েছে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে ৩০০ শ্রমিককে নগদ সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব তাদের সহায়তা করা হবে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলে আশিক বলেন, খাদ্য অথবা বাস চালুর দাবিতে কিছু সংখ্যক উশৃঙ্খল শ্রমিক সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।