নিজস্ব প্রতিবেদক, সিলেট: সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী সিলেটেও দ্বিতীয় দিনের মতো শনিবার সকাল থেকে চলছে পরিবহন ধর্মঘট। এ কারণে দূরপাল্লারসহ আন্তঃনগর বাস চলাচলও বন্ধ রয়েছে। সকালের দিকে নগরীরে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও বিভিন্ন মোড়ে শ্রমিকদের অবস্থান করে সেগুলো আটকে দেয়। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অনেকে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। সুযোগ বুঝে রিকশাওয়ালারাও স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাজ থেকে। শনিবার নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারগাঁও বাসস্টেশন থেকেও বাস ছাড়েনি। ফলে সড়কে বিভিন্ন বাসস্ট্যান্ডে সকাল থেকে যাত্রীদের চাপ দেখা গেলেও গাড়ি না পেয়ে তারা বসে রয়েছেন। অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরিবহন শ্রমিকরা জানান, সড়কে আমাদের কোনো নিরাপত্তা নেই। ছাত্ররা গাড়ি ভাঙচুর করছে। তাদের আন্দোলন ঠিক আছে, কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে। সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ছাত্রদের আন্দোলনের কারণে সড়কে নিরাপত্তা নেই। বাস ভাঙচুর করা হলে গাড়ি চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিবহনগুলো বন্ধ রাখা হয়েছে।


