ক্রীড়া প্রতিবেদক : কাগজে-কলমে সবথেকে খর্বশক্তির দল সিলেট সিক্সার্স। কিন্তু তারাই চমকে দিচ্ছে সবাইকে। বিপিএল শুরুর আগে সিলেট সিক্সার্সকে নিয়ে তেমন হাকডাক ছিল না। কিন্তু বিপিএল শুরুর পর টক অব দ্যা টাউন সিলেট সিক্সার্স।
দুই ম্যাচের দুটিতেই জয় তাদের। দলটির নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফরমার নাসির হোসেন। আর তার দলের সবাই চোখ ধাঁধানো পারফর্ম করছে। প্রথম ম্যাচে ঢাকাকে ৯ উইকেটে হারানোর পর রোববার কুমিল্লাকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। ব্যাট-বল হাতে এদিনও নাসিরের সিলেট ছিল দারুণ।
কুমিল্লাকে হারানোর পর অধিনায়ক নাসির সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘অধিনায়ক হিসেবে খুব ভালো লাগছে।’
ধারাবাহিক সাফল্যের মন্ত্র কি? জানতে চাওয়া হয়েছিল নাসিরের কাছে। মিস্টার ডিপেন্ডেবলের সোজাসাপ্টা উত্তর, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় কোনো দল নাই। কারণ এক দুইজন খেললেই দল জিতে। আমাদের দলে বড় কোনো নাম হয়তো নাই। কিন্তু যারা আছে, তাদের মধ্যে বোঝাপড়া ভালো। টি-টোয়েন্টিতে দুই একজন ভালো খেললেই ম্যাচ জেতা সম্ভব।’
ঢাকা সিলেটকে লক্ষ্য দিয়েছিল ১৩৭, আজ কুমিল্লা দিয়েছিল ১৪৬। টি-টোয়েন্টি ক্রিকেটে এ লক্ষ্য তেমন কিছুই নয়। কিন্তু কখনো কখনো এ লক্ষ্য হয়ে যায় পাহাড়সম। তবে সিলেট সিক্সার্সের দুই ওপেনার উপল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার দুই ম্যাচেই গড়ে দেন জয়ের ভিত। প্রথম ম্যাচে করেছিলেন ১২৫ রানের জুটি। দুই ওপেনারের পারফরম্যান্স পার্থক্য গড়ে দিচ্ছে তা বলতে দ্বিধা করলেন না নাসির, ‘অবশ্যই তাই। ওপেনাররা ভালো খেলছে বলে আমাদের কাজ সহজ হচ্ছে। তবে আমাদের ভালো করার মতো ক্রিকেটারও রয়েছে। যদি ওপেনাররা কোনোদিন ফ্লপ করে, তাহলে আমাদের কামব্যাক করার মতো অনেক ক্রিকেটার আছে।’
আর নিজের পারফরম্যান্সে নাসির বেশ সন্তুষ্ট। বোলিংয়ে উইকেট পেয়েছেন দুই ম্যাচেই। আজ ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছেন রান। সব মিলিয়ে বোলিং, ব্যাটিং, অধিনায়কত্ব তিনটি বেশ উপভোগ করছেন নাসির হোসেন।
অধিনায়কত্ব নিয়ে আলাদা করে বলেছেন, ‘আমি যে সিদ্ধান্ত নেই না কেনো, সবাই সেটা বিশ্বাস করে এবং ইতিবাচক থাকে। অনেক সময় দেখা যায় দলের সিনিয়র ক্রিকেটার থাকলে সিদ্ধান্ত নিতে অনেক সময় সমস্যা হয়। সিলেট দলে ওরকম কোনো সমস্যা নেই। আমার সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয় না। সবাই আস্থা রাখে আমার সিদ্ধান্তে।’


