সিলেটে আটক ১৪ রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

সিলেট নগরীর কদমতলী থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের হাতে আটক হওয়া ১৪ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সোমবার (৭ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে পুলিশি স্কটের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল।

এর আগে সোমবার সকালে সিলেট মহানগর হাকিম (দ্বিতীয়) বিচারক সাইফুর রহমান এ ১৪ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেন।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে ১৪ রোহিঙ্গা ও ২ মানবপাচারকারীকে গ্রেফতার করে র‌্যাব-৯।

আটক ১৪ রোহিঙ্গা হলেন- আব্দুর রহমান (৩০), মো. সিরাজ (২০), সৈয়দ নুর (১৮), যোবায়ের আহমেদ সৈয়দ (২০), জহুরা বেগম (৩০), মো. ইদ্রিস (১২), মো. জুনাইদ (১০), ইফনুছ (৮) মো. মোস্তফা (৪), নুর আয়শা বেগম (৩৫), মফিজুর রহমান (১১), সৈয়দুর রহমান (৯), আজিজুর রহমান (৪), খোশনামা বেগম (১৮)।