নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘নির্বাচন পরিচালনায় থাকা বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা, গ্রেফতার, গুম করে ভোটকেন্দ্র দখলে নিয়ে ফলাফল ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে নেওয়ার পায়তারা চলছে।’শুক্রবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান।
তবে যে কোন পরিস্থিতি আসুক না কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বরং সিলেটের জনগণকে নিয়ে মাঠে থাকবেন বলে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
আরিফ বলেন, ‘নির্বাচন থেকে সরবোনা। যারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় সিলেটের নাগরিকদের নিয়ে তাদের প্রতিহত করবো। দেয়ালে পিঠ লেগে গেছে, আমাদের পিছনে থাকানোর সময় নেই। নির্বাচনের সাথে সাথে আন্দোলনও চলবে। আগামী ৩০ তারিখ নির্বাচনে ফলাফল যাই হোক, সিলেটের ৫ লাখ মানুষকে নিয়ে রাতভর সিলেটের রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।’
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের হামলা-মামলা, গ্রেপ্তার ও বাসা-বাড়িতে তল্লাশিসহ নানাভাবে হয়রানি বেড়ে গেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে কুশিঘাটে তাদের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। একইভাবে বিএনপির দুই কর্মীর খোঁজে উপশহরে উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলেও পরদিন বিএনপির শীর্ষ নেতাদের আসামী করে মামলা করা হয়েছে। দক্ষিণ সুরমায় পুলিশ কনস্টেবলের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে চৌকিদেখিতে নিজের কার্যালয়ে নিজের বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। জানিনা আর কত নাটকের ঘটনা আমাদেরকে নিয়ে সৃষ্টি করা হচ্ছে, সেজন্য আমি শঙ্কিত।’
ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর প্রতি ইঙ্গিত করে আরিফ বলেন, ‘জনগণের সমর্থন বেড়ে যাওয়ায় কারণে তাদের আতঙ্ক সৃষ্টি হয়, সেটার জন্য এমন আচরণ করলে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’
তিনি বলেন, ‘আপনারা যদি জনপ্রিয় হয়ে থাকেন, জনগণ যদি আপনাদের ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে তাহলে আপনারা ৩০ তারিখের জন্য অপেক্ষা করুন। জনগণ নির্বাচিত করলে আমরা স্বাগত জানাবো। তবে এর আগে আমাদের নির্বাচন পরিচালনাকারী নেতাকর্মীদের হয়রানি না করার অনুরোধ করছি।’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আরিফের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ হক, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, কাহির চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


