নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এসব উদ্ধার করা হয়েছে জানানো হয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই মো. জাব্বারুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ভাটিয়ারীতে বিএনপির প্রার্থীর প্রচারণার গাড়ি থেকে একটি অস্ত্র, পেট্রোল বোমা, বোমার তৈরির কিছু সরঞ্জাম পাওয়া গেছে।
তবে কাউকে আটক করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব পেট্রোল বোমা ও অস্ত্র সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের প্রচারণা মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের চার নেতাকর্মী দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মোহাম্মদ রায়হান, তায়েব হোসেন, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ ছালেক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


