দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার জন্য সিলেট, সুনামগঞ্জ ও কৈতক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় পাগলা বাজারসংলগ্ন ডাবর পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেনঃ- বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বিরতিহীন যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৩৯০) ডাবর পয়েন্টে এলে সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাস দিয়ে গেলে বাসের চাকা রাস্তার নিচে পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।আহতরা সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে সুনামগঞ্জ, সিলেট ও কৈতকের হাসপাতালে চলে যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আহত ৩-৪ জনকে হাসপাতালে পাঠিয়েছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।


