সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরে ট্রাফিক পয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতি কারণে সুনামগঞ্জে ফসল ডুবি হলে এর দায় আমলা, মন্ত্রী, এমপি, পানি উন্নয়ন বোর্ড প্রশাসন সবাইকে নিতে হবে। এ বিষয়ে কোনও ছাড় দেয়া হবে না। হাওরের একমাত্র ফসল তলিয়ে গেলে কৃষকরা না খেয়ে মরবে। এটি মেনে নেয়া যাবে না।
তারা বলেন, পিআইসি পদ্ধতিকে বিতর্কিত করতে পারলে লুটেরা গোষ্ঠী আবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণে লুটপাট করতে পারবে। তাই অশুভ চক্র পিআইসির বিরুদ্ধে কাজ করছে। গতবারও বাঁধের কাজ হয়েছে কিন্তু এমনভাবে গাফিলতি অনিয়ম লুটপাট হয়নি। এ বছর যা হচ্ছে তা সব রেকর্ড ভঙ্গ করেছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কোনো কোনো হাওরে বাঁধের কাজ শুরু হয়নি।
হাওর বাঁচাও আন্দোলনের সদস্যরা গত এক মাসে জেলার দুই শতাধিক বাঁধ পরিদর্শন করেছে জানিয়ে বক্তারা বলেন, আমরা দেখেছি কোনো বাঁধেই সঠিকভাবে কাজ হচ্ছে না। সারা জেলায় আজ পর্যন্ত ২০ ভাগ কাজ হয়েছে। বাঁধ নির্মাণের কাজ শেষ হতে মাত্র ১২ দিন সময় আছে। এ সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। এখনও অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলো বন্ধ করা হয়নি। অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সদস্য সুখেন্দু সেন রায়, নারী নেত্রী শীলা রায়, সঞ্চিতা রায়, কুদরত পাশা প্রমুখ।


