ক্রীড়া ডেস্ক : রানের হিসাবে টি-টোয়েন্টিতে এটিই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। ২০১৬ সালে ওয়েলিংটনে পাকিস্তানের সঙ্গে ৯৫ রানের জয় ছিল আগের রেকর্ড। সব মিলিয়েই নিউজিল্যান্ডের ১১৯ রানের চেয়ে বড় জয় আছে কেবল দক্ষিণ আফ্রিকা (১৩০ রান) ও শ্রীলঙ্কার (১৭২ রান)।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। পাশাপাশি পাকিস্তানকে হটিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে কিউইরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
আগের ম্যাচে সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি। ২৩ বলে ৬৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন কলিন মানরো। তবে পরের ম্যাচে আর সুযোগ হাতছাড়া করলেন না, তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি। তাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্রেফ উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
এবারের নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে, ওয়ানডে সিরিজে ৩-০ তে, এবার টি-টোয়েন্টি সিরিজ হারল ২-০ তে। ফল হওয়া সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৯-২০০০ সালের পর এই প্রথম নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরল ক্যারিবীয়রা।
মাইন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন মানরো ও মার্টিন গাপটিল। দুজন ১১.৩ ওভারে গড়েন ১৩৬ রানের উদ্বোধনী জুটি, দুজনই তুলে নেন ফিফটি। গাপটিল ৩৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৩ করে ফিরলে ভাঙে এ জুটি।
মানরো ফিফটি ছুঁয়েছিলেন ২৬ বলে, পরের ২১ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। তার ৪৭ বলের সেঞ্চুরি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম। ২০০৯-১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৫০ বলের সেঞ্চুরি ছিল আগের রেকর্ড।
সেই সঙ্গে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করলেন মানরো। ২টি করে সেঞ্চুরি আছে চারজনের- এভিন লুইস, ক্রিস গেইল, রোহিত শর্মা ও ম্যাককালাম।
শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৩ চার ও ১০ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মানরো। তার ১০ ছক্কা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ সালে একই মাঠে বাংলাদেশের সঙ্গে ১০ ছক্কা হাঁকিয়েছিলেন কোরি অ্যান্ডারসনও।
এ ছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮ বলে ১৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে নিউজিল্যান্ড। যেটি এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ রান। পেছনে পড়েছে ২০০৯-১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ২১৪ রান।
বড় লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জোড়া ধাক্কা খায় শুরুতেই। টিম সাউদির করা প্রথম ওভারেই আউট হয়ে যান দুই ওপেনার চাঁদউইক ওয়ালটন ও ক্রিস গেইল। দুজনই ডাক মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ২ উইকেটে ১ রান!
এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ১৬.৩ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। একমাত্র আন্দ্রে ফ্লেচার ছাড়া বলার মতো কিছু করতে পারেননি আর কেউই। সর্বোচ্চ ৪৬ রান আসে ফ্লেচারের ব্যাট থেকেই। রোভম্যান পাওয়েল করেন ১৬ রান।
২১ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার সাউদি। আরেক পেসার ট্রেন্ট বোল্ট ২৯ রানে নেন ২ উইকেট। স্পিনার ইশ সোধিও নেন ২ উইকেট, ২৫ রানে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মানরো।


