ঝিনাইদহে সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুর ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। সকালে এ মামলার ৮ আসামির মধ্যে ৫ জনকে আদালতে হাজির করা হয়। বাকি ৩ আসামি পলাতক।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাভোকেট মো. আহাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আর বাদীপক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ তোফিক উল্ল্যাহ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম, একই উপজেলার মো. মিজানুর রহমান ওরফে মিজান, চুয়াডাঙ্গা জেলার ভুলতিয়া গ্রামের ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের মো. আব্বাস আলী, একই গ্রামের মো. আবুল কাশেম ও মো. ফারুক হোসেন, বংকিরা গ্রামের মো. মতিয়ার রহমান এবং সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার। আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে।
তারা হলো— মো. মতিয়ার রহমান ওরফে ফনে, মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা। ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরব পালিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলে ঝিনাইদহের বংকিরা এলাকায় যাচ্ছিলেন সেনাসদস্য সাইফুল ও তার ছোট ভাই। সঙ্গে ছিল ছোট ভাইয়ের শ্বশুর। বেলতলারদাড়িতে পৌঁছালে আসামিরা সাইফুলকে কুপিয়ে নির্মমভাবে খুন করে।
এ ঘটনায় পরদিন ১৯ আগস্ট সাইফুলের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মো. মহসীন হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঈাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।


