মোঃ মাহফুজ সৈয়দপুর থানাঃ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে (১৭ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ( অবকাঠামো) মো. কামরুল আহসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ফিরোজি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান। এসময় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ রানা।
এক সময়ের ইউরোপিয়ান ডে স্কুল তথা রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে কাব হলিডে, আবৃতি, ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি শব্দ নিয়ে গবেষনা হতে পারে। কেননা তিনি ওই ভাষনে মুক্তির কথা বলেছেন। জীবনে তিনি ১৩বার কারাবরণ করেন। তাঁর আটটি জন্মদিন জেলাখানায় কেটেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এর আগে রেল স্কুল মাঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাব স্কাউট দল প্রধান অতিথিকে অভিবাদন জানায়। মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় প্রধান অতিথির সম্মানে। রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন রেলপথ সচিব। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অপু বিশ্বাস।


