জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন চলাকালীন রাস্তায় জনসমাগম ও সরকারি নির্দেশনা অমান্য করায় রনি বিল্লাহ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে আট মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌরসভার এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন পৌরসভার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে রনিকে প্রথমে ছয় মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রনি বিল্লাহ সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, লকডাউন চলাকালীন রাস্তায় জনসমাগম ও প্রতিবন্ধকতা তৈরি করায় রনি বিল্লাহ নামের একজনের ২০১৮ সালের ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল হয়েছে। অনাদায়ে মোট আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।


