আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে চলমান বিরোধ নিরসনে সংযুক্ত আরব আমিরাত ও ব্রিটেনের সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করছে কানাডা। মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে সৌদির ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে তারা এ ব্যাপারে জড়াবে না। ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে রোববার কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে সৌদি আরব। রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং অটোয়ায় নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে সৌদি সরকার। এছাড়া কানাডার সঙ্গে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ স্থগিত করেছে সৌদি। সৌদি আরবে কারাবন্দী অধিকারকর্মীদের মুক্তি দিতে রিয়াদের প্রতি আহ্বান জানানোর প্রতিক্রিয়াতেই অটোয়ার প্রতি এই ক্ষোভ ঝাড়লো রিয়াদ। একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করছে। সূত্র বলেছে, ‘ আঞ্চলিক মিত্র ও বন্ধুদের সঙ্গে কাজ করার উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি শান্ত করা যা দ্রুত হতে পারে। আরেকটি সূত্র জানিয়েছে, কানাডা ব্রিটেনের কাছ থেকেও সহযোগিতা চাইতে পারে। মঙ্গলবার ব্রিটিশ সরকার দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র কানাডার ঘনিষ্ঠ মিত্র হলেও এ ব্যাপারে তারা একেবারেই নিশ্চুপ। গত জুনে জি-সেভেন সম্মেলনে ট্রুডোর তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর থেকে রিয়াদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ওয়াশিংটন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নাউয়ার্ট বলেছেন, ‘ উভয়পক্ষকে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আমরা তাদের হয়ে এটা করতে পারব না ; তাদেরকে ঐক্যবদ্ধভাবে এর সমাধান করতে হবে।’


