খেলা ডেস্কঃ ইয়াগো আসপাসের অন্তিম মুহূর্তের গোলের পর বিবিসি’র ধারাভাষ্যকারের এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করবে না কেউই। কারণ বিশ্বকাপ আসলেই জীবন্ত প্রেম। ৩২ দলের জন্য সহস্ত্র কোটি মানুষের প্রেম। শেষে একটি দল জিতলেও পুরো বিশ্ব নেচে বেড়ায় বিশ্বকাপে ডামাডোলে।
মঙ্গলবার রাতে এমনই এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন-মরক্কো। কে জানত বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেওয়া মরক্কো আটকে রাখবে স্পেনকে। শুধু কি আটকে? মরক্কো জিতবে র্যাঙ্কিংয়ে দশে থাকা স্পেনের বিপক্ষে। যেখানে মরক্কোর অবস্থান ৪১! কিন্তু কালিননগ্রাড স্টেডিয়ামে ৯৮ মিনিটের লড়াইয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি দুই দলের র্যাঙ্কিং ব্যবধান ৩১।
দুবার এগিয়ে গিয়েও ভাগ্যদেবীর নির্মম পরিহাসে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টাই পায়নি মরক্কো! তাদের আফসোস ভিএআর। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরান আসপাস। দানি কারভাহালের ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করেন আসপাস। কিন্তু সাইড লাইনে থাকা রেফারি অফ সাইডের পতাকা তুলেন। সন্দেহ হওয়ায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য চান রেফারি। তাতেই কপাল পুড়ে মরক্কোর। ভিডিও ফুটেজ দেখে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ২-২ গোলে ম্যাচ ড্র।
‘এটাই ফুটবল। এটাই ফুটবল। এটাই ধ্রুপদী লড়াই, শ্রেষ্ঠত্বের বিশ্বকাপ। যেখানে বিশ্বের সেরা দলগুলো, তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে আনন্দ দেয়। পুরো পৃথিবীকে এক সুঁতোয় গেঁথে রাখে।’
ম্যাচ হারলে দ্বিতীয় রাউন্ড নিয়ে শঙ্কায় পড়ে যেত স্পেন। সেখানে ম্যাচ ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন। পর্তুগালের সঙ্গে পয়েন্ট আর গোল পার্থক্য সমান হলেও গোল বেশি করায় চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেছে স্পেন।
৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম কালিননগ্রাড স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পড়ে স্পেন। ইনিয়েস্তা ও রামোসের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান খালিদ বাতাইব। জেরার্ড পিকে বল আটকাতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। ডেভিড ডি গিয়ার দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান মরক্কোর এ তারকা ফুটবলার। যা বিশ্বকাপে মরক্কোর প্রথম গোল।
পাঁচ মিনিট পরই সমতা ফেরায় স্পেন। ডি বক্সে ঢুকে ইনিয়েস্তা পাস দেন ইসকোকে। ডানপায়ের টোকায় গোল শোধ করেন রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডার। স্পেনের হয়ে শেষ ১৫ ম্যাচে ১২ গোলে সরাসরি অবদান রেখেছেন ইসকো। ১০ গোল ইসকো নিজে করেছেন, ২টিতে অ্যাসিস্ট করেছেন।
মরক্কো দ্বিতীয় গোলটি করে ৮১ মিনিটে। বদলি হিসেবে নেমে অসাধারণ গোল করেন এন নেসরি। কর্ণার থেকে ফজরের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান ৭১ মিনিটে মাঠে নামা নেসরি। লিড নিয়ে শেষ হতে পারত মরক্কোর বিশ্বকাপ যাত্রা। কিন্তু শেষটা পুরোটাই বিষাদময়।
প্রথম দুই ম্যাচ হেরে স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো। পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে চারবারই গ্রুপ পর্ব থেকে বাদ পরেছে দলটি। এবারও ভাগ্য পাল্টাল না। ১৯৮৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার সৌভাগ্য হয়েছিল মরক্কোর। কিন্তু আজ স্পেনকে হারালে, হয়তো এটাই হতো বিশ্বকাপে তাদের সবথেকে বড় সাফল্য। সেটাও হলো না। কিন্তু স্প্যানিশদের বুকে যে কাঁপন ধরিয়েছিল তা মনে থাকবে দীর্ঘদিন।


