বিশেষ সংবাদদাতা: লিয়ার সাবেক অধিনায়ক ও অজি ক্রিকেটের বর্তমান প্রজন্মের অন্যতম শীর্ষ তারকা স্টিভেন স্মিথের বিপিএল খেলার কথা ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজিদের সাথে তার কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। সে কথা নিজের টুইটার অ্যাকাউন্টে স্মিথ নিজে লিখে জানিয়েছিলেনও।
কিন্তু শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের। কুমিল্লা ছাড়া বাকি ছয় দলের আপত্তির মুখেই স্মিথকে ‘না’ করে দিতে বাধ্য হয়েছে বিসিবি।
প্রসঙ্গতঃ ৯ ডিসেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডের দিন দুপুরে স্মিথ ইস্যুতে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএল গর্ভনিং কাউন্সিল। কিন্তু সেখানে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। স্মিথ ইস্যু সুরাহা করার জন্য বিপিএল ট্যাকনিক্যাল ও গর্ভনিং কমিটি মিলে বোর্ডের কাছে সিদ্ধান্ত চূড়ান্তের ভার দেয়।
প্রায় ১৫ দিন পর গতকাল রাতে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। সিদ্ধান্তটি নেতিবাচক। সাত প্রতিযোগি দল এবং ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দেয়া হয়েছে, স্মিথকে খেলানো যাবে না।
আগেই জানা, প্লেয়ার ড্রাফটে স্মিথের নাম ছিল না। গতবারের রেখে দেয়া চার ক্রিকেটারের সাথে এবার নতুন দুজন করে বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ ছিল দলগুলোর। সেই তালিকায় নাম ছিল না স্টিভেন স্মিথের। যে কারণে তাকে দলে ভিড়িয়েও পেল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ছাড়া বাকি ফ্রাঞ্চাইজিগুলোর দাবি, যদি প্লেয়ার ড্রাফটে নামের বাইরে একজন করে ক্রিকেটার নেয়ার সুযোগ থাকতো, তাহলে আমরাও স্মিথের মতো বড় তারকার পেছনে ছুটতাম। কিন্তু যেহেতু সেটা নিয়মের বাইরে তাই আমরা আর কোনো তারকা বিদেশি ক্রিকেটারের দিকে ঝুঁকিনি।
ফ্রাঞ্চাইজিগুলোর এই যৌক্তিক দাবির মুখে শেষ পর্যন্ত স্টিভেন স্মিথের মতো বড় তারকাকেও বিপিএলে খেলার অনুমতি দিতে পারেনি বিসিবি। তার মতো একজন বড় তারকা খেলা মানেই বিপিএলের গ্ল্যামার, আকর্ষণ, প্রচার ও প্রসার বহুগুণে বেড়ে যাওয়া। খোদ অস্ট্রেলিয়াতেও হয়তো বিপিএল নতুনভাবে জায়গা করে নিতে পারতো।
মোদ্দা কথা, স্টিভেন স্মিথের মতো এক ক্রিকেটারের অন্তর্ভূক্তিতেই গ্ল্যামার বহু বেড়ে যেত বিপিএলের। যা বাংলাদেশের ক্রিকেটের ইমেজকেও করত সমৃদ্ধ। বিসিবি কি তা মাথায় আনেনি?
এমন প্রশ্ন পেয়ে আজ সকালে বিপিএল ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিসিবির অন্যতম শীর্ষ কর্তা জালাল ইউনুস বলেন, ‘আমাদের মাথায় অবশ্যই তা ছিল। স্মিথের মতো একজন নামী ও দামী তারকা অংশ নিলে বিপিএলের ব্র্যান্ডিং, গ্ল্যামার ও মার্কেটিং বেড়ে যেত বহুগুণে। অস্ট্রেলিয়ান ক্রিকেট অনুরাগীরাও টিভির পর্দায় বিপিএল দেখতে উৎসাহী হতেন। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান মান সম্পর্কেও তাদের একটা পরিষ্কার ধারণা জন্মাতো। যা দেশের ক্রিকেটের সুনাম বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারত। কিন্তু আমরা বাধ্য হয়েই স্মিথকে খেলার অনুমতি দিতে পারলাম না।’
তিনি আরও যোগ কনে, ‘আমরা জানি, বুঝি এবং মানছিও-স্মিথ হতে পারতেন বিপিএলের বাজার সমৃদ্ধ ও বড় করার উপাদান। কিন্তু বোর্ড অপারগ। কারণ বাইলজে প্লেয়ার ড্রাফটের বাইরে নতুন করে আর প্লেয়ার নেয়ার সুযোগ ছিল না। তারপরও আমরা প্রাণপণ চেষ্টা করেছিলাম ফ্রাঞ্চাইজিদের সাথে কথা বলে বিষয়টির ইতিবাচক সমাধান করতে। বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ডের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজিগুলোকে বলা হয়েছিল, একজন করে বাড়তি ক্রিকেটার নেয়া যাবে। তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন স্মিথকে পেয়েছে, বাকি ছয় দলও ওমন বড় তারকাকে পাবে।’
কিন্তু জালাল জানালেন, ‘আর কোনো দল প্রস্তাবে রাজি হয়নি। কারণ এখন আর সেই মানের বড় তারকা পাওয়ার কোনো সুযোগ ও সময় নেই। তাই স্মিথ ইস্যুতে ফ্রাঞ্চাইজিগুলোর অনঢ় ও নেতিবাচক অবস্থানই আমাদের বাধ্য করেছে এমন সিদ্ধান্ত।’


