হঠাৎ ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা পর স্টেশন ছাড়ল ট্রেন

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় যাত্রা শুরু করেছে ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

শনিবার (২ মে) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিকল হওয়া ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

রেলওয়ে সূত্র জানায়, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। চালক ও সংশ্লিষ্ট কর্মীরা তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। রিলিফ ইঞ্জিন সংযুক্ত করার পর বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ইঞ্জিন বিকলের কারণে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বিকল্প লাইন ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। দীর্ঘ সময় ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে গরম আবহাওয়া ও অনিশ্চয়তার কারণে অনেক যাত্রী অসুবিধার সম্মুখীন হন।