নিউজ ডেস্ক : বর্তমান যুগে বিবাহবিচ্ছেদ খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি কিছু দেশে এর হার অনেক বেশি।
হলিউড তারকাদের মধ্যে বিবাহবিচ্ছেদ বিষয়টি লক্ষ্য করা যায়।
কিছুদিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন হলিউডের তারকা দম্পতি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স। এটি জেনিফারের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ হয় এ অভিনেত্রীর। হলিউডে এমন অনেক তারকা রয়েছেন যাদের বিবাহবিচ্ছেদের সংখ্যা চার বা তার অধিক। এমন ১০ তারকাদের নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।
* লানা টার্নার, বিবাহবিচ্ছেদ : ৭ বার
টার্নার ১৬ বছর বয়স থেকে তার অভিনয়জীবন শুরু করেন। তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশন সিরিজেও কাজ করেছেন। তার আলোচিত সিনেমাগুলো হলো: লাভ ফাইন্ডস অ্যান্ডি হার্ড, সাম হোয়ার আই উইল ফাইন্ড ইউ, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, ম্যাডাম এক্স, জনি এডগার ইত্যাদি।
হলিউডের দেবী হিসেবে খ্যাত টার্নারের বিয়ের সংখ্যা আট, বিবাহবিচ্ছেদ হয়েছে সাতবার এবং একটি বিয়ের স্বীকৃতি ছিল না। তিনি ২০ বছর বয়সে এক ব্যান্ড দলের প্রধানকে প্রথম বিয়ে করেন, যার নাম ছিল আর্টে শ। যদিও সেই সংসার টিকেছিল মাত্র ছয় মাস। টার্নারের বাকি বিয়েগুলোও সফল ছিল না।
টার্নার ১৯৮২ সালে অভিনয় থেকে অবসর নেন। তিনি নিজের আত্মজীবনীও লিখেছেন। ১৯৮৩ সালে প্রকাশিত হয় এটি। তিনি ১৯৯৫ সালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার একজন মাত্র কন্যা সন্তান রয়েছে।

* এলিজাবেথ টেইলর, বিবাহবিচ্ছেদ : ৭ বার
ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলর। বেগুনী রঙের চোখের জন্য বিখ্যাত তিনি। যদিও চোখগুলো বেগুনি নয় বরং গাঢ় নীল ছিল বলে মনে করেন অনেকেই। দুই দুইবার অস্কার বিজয়ী এই অভিনেত্রী বহু সিনেমায় এবং টেলিভিশন সিরিজে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে-ভিক্টোরি অব এন্টেবে, দ্য ব্লু বার্ড, অ্যাশ ওয়েনেসডে, দ্য নেনি (টিভি সিরিজ), অল মাই চিলড্রেন (টিভি সিরিজ),জায়ান্ট ইত্যাদি। তিনি ১০ বছর বয়স থেকে সিনেমায় কাজ করা শুরু করেছিলেন।
অস্কার ছাড়াও তিনি ক্রিস্টাল পুরস্কার, অ্যাক্টিং অ্যান্ড অ্যাক্টিভিজম পুরস্কার, স্টিংকার পুরস্কার, মেভেরিক পুরস্কার এবং বেশ কিছু অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছেন।
টেইলর বিয়ের পিঁড়িতে বসেছেন আটবার, সাতবার তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং একটি পুনর্বিবাহ করেছেন। তার তৃতীয় স্বামী, মাইকেল টড একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তার সর্বশেষ স্বামী ছিলেন মাইকেল ফরটেনস্কি। টেইলর ১৯৯৬ সালে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নেন। টেইলর ২০০২ সালে হার্ট অ্যাটাকে মারা যান। তার সন্তান সংখ্যা চার জন।

* জেনিফার ও’নিল, বিবাহবিচ্ছেদ: ৭ বার
জেনিফার হলেন একজন মার্কিন অভিনেত্রী, মডেল, ঘোড়া প্রশিক্ষক এবং লেখিকা। জেনিফারের বিয়ের সংখ্যা ৯টি, বিবাহবিচ্ছেদ ৭টি এবং স্বীকৃতিহীন বিয়ের সংখ্যা ১টি। বর্তমানে তিনি তার নবম স্বামী মারভিন সিডনির সঙ্গে বসবাসরত আছেন। তারা ১৯৯৬ সালে বিয়ে করেন। জেনিফারের প্রথম বিয়ে হয়েছিল ১৭ বছর বয়সে, ডিন রসিটারের সঙ্গে।
জেনিফার তার আত্মজীবনীসহ মোট ৯টি বই লিখেছেন। তার আত্মজীবনী ‘সারভাইভিং মাইসেলফ’ ১৯৯৯ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলো হলো: অল দ্যাট গ্লিটারস, ফ্রম ফলেন টু ফরগিভেন এবং ইউ আর নট অ্যালোন। জেনিফার বেশকিছু দাতব্য সংগঠনের জন্যও কাজ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আমেরিকান ক্যানসার সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করা। তার তিন সন্তান এবং চার জন নাতি-নাতনি রয়েছে।

* জেসা জেসা গ্যাবর, বিবাহবিচ্ছেদ: ৭ বার
মার্কিন অভিনেত্রী গ্যাবরের বিয়ের সংখ্যা আট এবং এর মধ্যে সাতবার বিবাহবিচ্ছেদ হয়েছে। চলচ্চিত্রে আসার আগে টেলিভিশন সিরিজে কাজ করেন তিনি। বেশকিছু আলোচিত সিনেমায় কাজ করেছেন এ অভিনেত্রী। গ্যাবর তার আত্মজীবনীসহ মোট ৩টি বই লিখেছেন। তার আত্মজীবনী ‘মাই লাইফ’ ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য বইগুলো যথাক্রমে ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৯৬ সালে প্রকাশিত হয়।
গ্যাবর ১৯১৭ সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ১৮ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৯৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। তার মেয়ে ফ্রান্সেসকা হিলটন ২০১৫ সালে ৬৭ বছর বয়সে একইভাবে হার্ট অ্যাটাকে মারা যান।

* বনি লি বেকলে, বিবাহবিচ্ছেদ : ৭ বার
সন্দেহাতীতভাবে তিনি সর্বাধিকসংখ্যক বিয়ে বা ডিভোর্সের অভিজ্ঞতাপ্রাপ্ত তারকা। বেকলের বিয়ের সংখ্যা ১০টি, বিবাহবিচ্ছেদ ৭টি এবং স্বীকৃতিহীন বিয়ের সংখ্যা ৩টি। ২০০০ সালে রবার্ট ব্লেকের সঙ্গে তার বিয়ে হয়। পরের বছর খুন হন বেকলে।
২০০১ সালের মে মাসে ব্লেকের গাড়িতে বসা অস্থায় মাথায় এবং ঘাড়ে গুলিবিদ্ধ হন তিনি। গাড়িটি ক্যালিফোর্নিয়ার স্টুডিও সিটিতে একটি ইতালিয়ান রেস্তোরাঁর কিছুটা দূরে দাঁড় করানো ছিল। বেকলে যখন গুলিবিদ্ধ হন তখন ব্লেক গাড়িতে ছিলেন না, ফলে এই খুনের সঙ্গে জড়িতে ব্যাপারে তাকে সন্দেহ করা হয়। পরে ২০০৫ সালে ব্লেক খালাস পেয়ে যান। ব্লেক জানান যে, রেস্তোরাঁয় ভুলে তার রিভলবার ফেলে এসেছিলেন, সেটি নিতে গেলে এইটুকু সময়ের মধ্যে এই ঘটনা ঘটে যায়।
এই ঘটনার পর ব্লেককে খুব কমই সিনেমায় দেখা গেছে। তাছাড়া ব্লেকের নামে অনেক আরো অনেক অভিযোগ ছিল। তিনি অন্যান্য বেশ কয়েকজন তারকাকে বিভিন্ন সময়ে হয়রানি করেছেন। তাছাড়া নানা অবৈধ কর্মকাণ্ড, যৌন কেলেঙ্কারি এবং মাদক ব্যবসার কারণে তিনি বেশ কয়েকবার জেলেও গেছেন। বেকলের সন্তান সংখ্যা চার।


