নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট বাজারে তেলের দোকান থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মহিবুল ইসলাম নিপু (৩৭) ও রহমত উল্যাহ (৩৬) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
এদিকে অগ্নিদগ্ধ খালেদ (৭০) নামে অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আগুনে বাজারের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার বয়ারচর এলাকার চেয়ারম্যানঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জেলা ফায়ার সার্ভিস স্টেশন ও সূবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, নিহত ব্যবসায়ী নিপুর তেলের দোকানের পেছনে রান্না করার সময় দোকানের ড্রামের তেল ছিটকে গিয়ে চুলোয় পড়লে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় রান্নাঘরে আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে নিপু ও রহমতের মৃত্যু হয়। খালেদ নামে অন্য একজন শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় রান্নাঘর থেকে বেরিয়ে আসেন।
তিনি আরও জানান, জেলা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


