লালমনিরহাটের হাতীবান্ধায় এক মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে বাংলাদশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, সহ সভাপতি জামিয়ার জয়, মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত ওই উপজেলার ভেলাগুড়ী ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন মহিরকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দেব।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল আলম জানান, গত ৭ ফেব্রয়ারি বীর মুক্তিযোদ্ধা আকবর ধনী তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে অভিযোগ করেন। ওই দিনই মামলা রেকর্ড করা হয়েছে। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব না হলেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৬ ফেব্রুয়ারি) ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে নিজ বাড়ি থেকে চৌকিদার ও চেয়ারম্যান তার বাসায় তুলে নিয়ে যায়। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ওই মুক্তিযোদ্ধাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।


