হুইল চেয়ার পেয়ে খুবই খুশি চৌগাছার সেই বাক প্রতিবন্ধী সবুজ

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় অবশেষে সেই প্রতিবন্ধী সবুজ হোসেন পেলো একটি নতুন হুইল চেয়ার।
গতকাল শনিবার ২৯ জুন গ্রামের কাগজ ও কালেরকন্ঠ পত্রিকায় চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জলের ‘একটি হুইল চেয়ার পেতে পারেনা কি সবুজ’ হেড লাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন জনিত খবরটির পেইজ অনেক লোক শেয়ার করেছে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সবুজকে সাহায্য করার জন্য একাধিক ব্যক্তি অাগ্রহ প্রকাশ করে।
প্রতিবেদনটি প্রকাশের পরে বাক ও শারীরীক প্রতিবন্ধী সবুজ হোসেনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আর এ হুইল চেয়ারটি প্রদান করেন যশোরের চৌগাছা উপজেলার সদ্য যোগদান করা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এই হুইল চেয়ারটি তিনি প্রতিবন্ধী সবুজ হোসেনকে প্রদান করেন। চেয়ারটি প্রদানকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তিসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌগাছা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জল তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন, সবুজ হোসেনকে হুইল চেয়ার পাওয়াতে আমি খুব খুশি হয়েছি। এটা সত্যি ভালোলাগার বিষয়। যে আমি সবুজের জন্য কিছু করতে পারলাম। আর অপর দিকে  উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামসহ “গ্রামের কাগজ” ও “কালের কণ্ঠের” ঐ প্রতিবেদক শাহানুর আলম উজ্জ্বলের উপর সমগ্র উপজেলাবাসী অত্যান্ত খুশি।
উল্লেখ্য, উপজেলা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৫) জন্ম থেকেই তিনি বাক ও শারীরিক প্রতিবন্ধী। তার দুটি পা-ই নষ্ট। হাঁটুর গোড়া থেকে একটি অংশ সামনের দিকে ও পাটি পেছনের দিকে চলে গেছে। চলাচল করতে খুবই কষ্ট হয়।