ক্রীড়া ডেস্ক: প্রথম ইনিংসে নিজেদের বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জয়ের স্বপ্নই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে উল্টো দুঃস্বপ্ন দেখা শুরু করেছে উইন্ডিজরা।
ইংল্যান্ডকে ২৫৮ রানে অলআ্উট করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে প্রথম ইনিংসে করে ৪২৭ রান। ইংলিশদের দ্বিতীয় ইনিংসেও চেপে ধরেছিল, তবে অভিজ্ঞতা ও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চেনা ছন্দে ফিরেছে স্বাগতিকরা।বিশেষ করে ইংলিশ টেইলঅর্ডার ব্যাটসম্যানরাই এই ইনিংসে জাদু দেখিয়েছে। পাঁচ হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৯০ রানে ইংলিশরা ঘোষণা করেছে তাদের দ্বিতীয় ইনিংস, তাতে ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ৩২২ রানের লক্ষ্য।
এর আগে তৃতীয় দিন ইংল্যান্ড শেষ করেছিল ৩ উইকেটে ১৭১ রানে। ব্যক্তিগত ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জো রুট তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। তবে বেশি দূর যেতে পারেননি, শ্যানন গ্যাব্রিয়েলের বলে প্যাভিলিয়নে ফেরেন ৭২ রান করে। অধিনায়কের বিদায়ের ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে ইংল্যান্ড ডেভিড মালান ও বেন স্টোকসের জুটিতে। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৯১ রান। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি।
রোস্টন চেসের তাণ্ডবে গোছানো ইংল্যান্ড আবারও হয়ে যায় এলোমেলো। ২৪ রানের মধ্যে স্বাগতিকরা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। শুরুটা স্টোকসকে দিয়ে, চেসের বলে ক্রেগ ব্র্যাথওয়েটের হাতে ধরা পড়েন তিনি ৫৮ রানে। খানিক পর মালান প্যাভিলিয়নের পথ ধরেন ৬১ রান করে। এই চেসের বলেই আউট হওয়া জনি বেয়ারস্টো করেন ১৮ রান। ৩২৭ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ডের স্কোরটা যে শেষ পর্যন্ত অতদূর গেছে, তার পুরো কৃতিত্ব মঈন আলী ও ক্রিস ওকসের। অসাধারণ ব্যাটিংয়ে তারাও তুলে নেন হাফসেঞ্চুরি। মঈন খেলেন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস। দেবেন্দ্র বিশুর বলে আউট হওয়ার আগে করেন ৮৪ রান। ওকস অবশ্য আউট হননি, রুটের ইনিংস ঘোষণার সময় ইংলিশ অলরাউন্ডার অপরাজিত ছিলেন ৬১ রানে।
ইংল্যান্ডের ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে করেছে ৫ রান। পঞ্চম দিন শুরু করবেন দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট (৪*) ও কিয়েরন পাওয়েল (১*)। শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ২১৭ রান। আর সিরিজে এগিয়ে যেতে তাদের চাই আর ৩১৭ রান। আর স্বাগতিক ইংলিশদের দরকার ১০টি উইকেট।


