জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান প্রদান করলে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।
স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষর করেছেন।


