ক্রীড়া ডেস্ক : শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার জুনিয়র। ২০১০ সালের ১০ আগস্ট ব্রাজিল দলে অভিষেক নেইমারের। অভিষেকের পর থেকেই নেইমার দুর্দান্ত, অসাধারণ। নিজের স্কিল আর সামর্থ্যের প্রমাণ দিয়ে ব্রাজিলকে একাধিক সাফল্য এনে দিয়েছেন নেইমার। বল পায়ে তার ক্ষীপ্রতা অসাধারণ। স্কিল দুর্দান্ত। চোখ ধাঁধানো সব মুভ আর ফুটবলের নিত্য নতুন কৌশল দেখাতে বেশ পটু ব্রাজিলের এ তারকা। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি তার ক্লাব ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। সান্তোস থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে পিএসজি; সোনায় মোড়ানো তার ফুটবল যাত্রা। বার্সেলোনা থেকে পিএসজি গিয়েছেন বিশ্বের সবথেকে দামী ফুটবলার হয়ে। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন নেইমার। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছে সেলেকাওরা। যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে তারা। আর এ ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নেইমার। নিজের প্রথম ম্যাচে দলকে জিতিয়েছেন, নিজে গোল করেছেন। ব্রাজিলের জার্সিতে ৯১তম ম্যাচে এটি তার ৫৮তম গোল। আর মাত্র ৪ গোল করলেই ব্রাজিলের কিংবদন্তি রোনালদোকে ছুঁয়ে ফেলবেন নেইমার। রোনালদো ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। নেইমারের সুযোগ রয়েছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার। ৫ গোল করলেই ব্রাজিলের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে উঠে যাবেন ২৬ বছর বয়সি নেইমার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭ গোল করেছেন তিনটি বিশ্বকাপ জেতা পেলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে। এছাড়া নেইমারের পর ৫৫ গোল নিয়ে চারে আছেন রোমারিও। ৪৮ গোল নিয়ে পাঁচে জিকো।


