কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩ তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন ডা. আউয়াল। ৫৪ টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। এছাড়াও ৮ ভোট পেয়েছেন জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা এবং ৫ ভোট পেয়েছেন মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা ডা. আউয়াল বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রিজভী আহমেদকে; যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’


