৫ আগস্ট ছুটি পাবেন না যারা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।

তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও দায়িত্ব পালন করতে হবে।

মূলত স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।

বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।