এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে সরাসরি যোগাযোগের স্বপ্ন দেখিয়ে ২০১৮ সালে শুরু হয়েছিল বালু নদীর ওপর ইছাপুরা-পাতিরা সেতুর নির্মাণকাজ। তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নয় বছর পেরিয়ে এখনো সেতুটি চালু করা যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্পটির প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে সংযোগ সড়ক নির্মাণ ও নকশাগত জটিলতায় কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এর ফলে রূপগঞ্জ ও পাতিরাসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের পাঁচ লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ই জুন) দুপুরে নির্মাণাধীন সেতুটি পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আগামী এক বছরের মধ্যে ইছাপুরা-পাতিরা সেতুর নির্মাণকাজ শেষ করার ঘোষণা দেন। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে রাজিব আহসান বলেন, সরকার উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এক বছর পর সেতুটি দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২০১৭-১৮ অর্থবছরে ৩৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৩২০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ বছর পরও প্রকল্পটি অসমাপ্ত। ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে নতুন সময়সীমার ঘোষণার চেয়ে দ্রুত কাজ শেষ হওয়ার বাস্তব অগ্রগতি এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


