সাত উপজেলা নিয়ে গঠিত বান্দরবানে মাত্র একটি দেওয়ানি আদালত। যেখানে মাত্র একজন সিভিল জজ বসেন। তবে দীর্ঘ ৯ মাস ধরে সিভিল জজ শূন্য হয়ে আছে আদালতটি। এতে বিপাকে পড়েছেন জেলার হাজারো বিচারপ্রার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, ৯ মাস আগে সিনিয়র সিভিল জজ মোহাম্মদ দাউদ হাসান পদোন্নতিজনিত কারণে বদলি হয়ে যান। কিন্তু তার শূন্যপদ পূরণ করার জন্য এখনো কোনো সিনিয়র সিভিল জজ পদায়ন করা হয়নি।
বান্দরবানের দেওয়ানি আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর জানান, দীর্ঘদিন ধরে সিনিয়র সিভিল জজের পদ শূন্য থাকায় বিচারব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে সাধারণ বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ, বান্দরবান (ভারপ্রাপ্ত) হিসেবে কিছু সিভিল মামলা শুনানি করলেও নিজ আদালতের মামলার চাপের কারণে এ অতিরিক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হিমশিম খেতে হচ্ছে।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফর জানান, এ আদালতে জেলার প্রায় নব্বই ভাগ দেওয়ানি মামলা বিচারাধীন। এ ছাড়া গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল এ আদালতেই দায়ের ও নিষ্পত্তি করা হয়। কিন্তু বিচারক না থাকায় প্রায় সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে জেলার দেওয়ানি বিচারব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম।
আদালত ও একাধিক আইনজীবী সূত্রে জানা যায়, বর্তমানে এই আদালতে বিপুলসংখ্যক দেওয়ানি মামলা বিচারাধীন থাকলেও বিচারক না থাকায় মামলা ফাইলিং, জরুরি নিষেধাজ্ঞা শুনানি, সাক্ষ্য গ্রহণ, তদন্তসহ সব ধরনের কার্যক্রম অচল হয়ে আছে।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম জানান, এ পরিস্থিতি বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদে নিশ্চিতকৃত আইনের আশ্রয় লাভের অধিকার এবং ৩৫(৩) অনুচ্ছেদে প্রদত্ত দ্রুত ও ন্যায্যবিচার লাভের অধিকারের পরিপন্থি। একই সঙ্গে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারে প্রবেশাধিকার (Access to Justice) ও ন্যায্য বিচারের অধিকার (Fair Trial)-এর মৌলিক নীতিরও পরিপন্থি।
তিনি আরও জানান, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে অযৌক্তিক বিলম্ব ঘটার কারণে ভূমি ও পারিবারিক বিরোধ জটিল আকার ধারণ করছে এবং সামগ্রিকভাবে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হচ্ছে। সুতরাং ন্যায়বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের স্বার্থে সিনিয়র সিভিল জজের শূন্যপদে অবিলম্বে একজন যোগ্য বিচারক পদায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।


