মাদারীপুরে র‌্যাবের হাতে শিশু অপহরণ মামলার ২ পলাতক আসামী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে বুধবার বেলা ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু অপহরণ মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস ব্রিফিংয়ে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আচমত আলী খান সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে শিশু অপহরণ মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার খোয়াজপুর গ্রামের মৃত আফছার উদ্দিন মুন্সীর ছেলে ইলিয়াছ মুন্সী (৪০) ও একই এলাকার সেলিম মুন্সীর ছেলে প্লাবন মুন্সী(৩০)।

উল্লেখ্য গত বছরের ২৪ অক্টোবর একই এলাকার আসাদুজ্জামান মুন্সীর স্ত্রী সালমা বেগম ও তার এক বছরের শিশু সন্তানকে পূর্ব শত্রæতার জের ধরে জোর পূর্বক বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায় আসামীরা। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে আসামী পালিয়ে থাকে। গ্রেফতারকৃত আসামীদেরকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।