“অর্থাভাবে ভঙ্গ হচ্ছে প্রতিবন্ধী সীমার উচ্চ শিক্ষার স্বপ্ন”

শেখ অাবু মুছা,তালা সাতক্ষীরাঃ তালার খলিলনগর ইউনিয়নের প্রশাদপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক আজিজ গোলদারের প্রতিবন্ধী ছোট মেয়ে সীমা আক্তার (২১) তালা মহিলা ডিগ্রি কলেজের অনার্স (রাষ্ট্র বিজ্ঞান) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

আজিজ গোলদারের ৩ মেয়ে। বড় মেয়ে রোমেছা এক সন্তানের জননী, স্বামী পরিত্যক্তা হয়ে ৩-৪ বছর পিত্রালয়ে ফিরে এসেছে।

মেঝ মেয়ে রেহেনা (২৪) শারীরিক ও মানষিক প্রতিবন্ধী। স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না সে। তৃতীয় শ্রণী পর্যন্ত লেখা-পড়া করে নানা প্রতিবন্ধকতায় আর পড়তে পারেনি।

ছোট মেয়ে মেধাবী সীমা আক্তার ২০১৪ সালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৪.৩৮ পেয়ে এসএসসি ও ২০১৬ সালে তালা মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪.০৮ পেয়ে এইচএসসি পাশ করে বর্তমানে তালা মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী। পিতার আর্থিক অস্বচ্ছলতার কারণে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন পর্যন্ত করতে পারেনি।

আজিজ গোলদারের সাথে কথা বলে জানাযায়, ভিটা বাড়ির ৩ শতক জমি ও একটি ভ্যানই তার সম্পদ। পরিবারের ৭ সদস্যের সদস্যের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এ ভ্যানই। পরিবারের ভরনপোষণ চালাতে বিভিন্ন সময় হিমসিম খেতে হয় তাকে। অসুখ বিসুখে পরিবারের সদস্যদের ভালভা্বে ঔষধ পর্যন্ত কিনতে পারেন না। তার উপর ৩ মেয়ের দু’জনই জন্ম প্রতিবন্ধী। জন্মের পর থেকে অর্থাভাবে তাদের সু-চিকিৎসা পর্যন্ত করাতে পারেননি।

টালির চালের ছোট্ট মাটির খুপড়ির মধ্যেই বন্দি হয়ে আছে তিন মেয়েসহ আজিজ পরিবারের নাবলা যত কষ্ঠ। ছোট্ট ঘরে একসাথে রাত্রি যাপন তাদের জন্য দূরুহ ব্যাপার। তা ছাড়া শীত-বর্ষাকালে তাদের কষ্টের যেন আর অন্ত থাকেনা।

সীমার সাথে কথা বলে জানা যায়, লেখা পড়া শেষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিবন্ধীর অভিশপ্ত জীবন থেকে মুক্তি ও অসহায় পিতার অভাবের সংসারের পাশে দাঁড়তে চায় সে। তবে সবার আগে চাই তার পড়া-লেখা চালিয়ে যাওয়া। যা অসহায় দরিদ্র পিতা আজিজের পক্ষে চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। অর্থাভাবে অকালেই ঝরে যেতে বসেছে একটি সম্ভাবনার।

সীমা’র মায়ের আকুতি, আমার প্রতিবন্ধী মেয়েটি যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকারী সহযোগিতার সুযোগ পেত তাহলে লেখা পড়া শিখে অন্তত নিজের পায়ে দাড়াতে পারতো।

পরিবারের পাশাপাশি এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিবন্ধী সীমার পড়া-লেখা চালিয়ে যেতে এগিয়ে আসবেন, সমাজের বিত্তবান, ধনাঢ্যসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলী।

প্রতিবন্ধী সীমা কারো বোঝা নয়, বেঁচে থাকতে চায় নিজের মত করে সমাজের আর ১০ টি সুষ্ঠু স্বাভাবিক মেয়ের মত। আর তার জন্য প্রয়োজন উচ্চ শিক্ষিত হতে পড়া-লেখা চালিয়ে যাওয়া। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।