বড়শিতে ধরা পড়ল বড় ঢাই মাছ, ৭৮০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট নিচু এলাকায় জেলে পরান হালদারের বড়শিতে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি ঢাই মাছ।

বুধবার (২০ মে) ভোরের দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে ঢাই মাছটি জেলের বড়শিতে ধরা পড়ে।

জেলে পরান হালদার বলেন, মঙ্গলবার রাতের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচু এলাকায় বড়শি পেতে বসে থাকি। পরে ভোরের দিকে নদীতে ফেলানো বড়শিতে একটা জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলে দেখতে পাই বড় একটি ঢাই মাছ। সেখান থেকে দৌলতদিয়া মাছ বাজারের আড়তে নিয়ে গিয়ে নিলামের মাধ্যমে ২ হাজার ৬শ টাকা কেজি দরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখের কাছে বিক্রি করে দেই।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখ জানান, ভোরের দিকে মাছটি আমি ২ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৮শ টাকায় কিনে নিয়েছি। কেজিতে ৫০ টাকা লাভ রেখে কুমিল্লায় মাছটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক যুগান্তরকে বলেন, বর্ষা মৌসুমের আগে পদ্মা নদীতে মাঝে মাঝে দুই একটি বড় বড় মাছ ধরা পড়ে থাকে।